• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    পুঠিয়ায় মা-মেয়েকে হত্যায় মামলা, স্বামী-শ্বশুর-শ্বাশুড়ি গ্রেপ্তার।

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ৪:৫৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    পুঠিয়ায় মা-মেয়েকে হত্যায় মামলা, স্বামী-শ্বশুর-শ্বাশুড়ি গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়া উপজেলায় মা-মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে মঙ্গলবার রাতে পুঠিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হয়।

    সোমবার দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার গোপালহাটি ফকিরপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলি খাতুন (২০) এবং তার ছয় মাস বয়সী শিশুকন্যা ফরিহা। পলির স্বামী ফিরোজ আলী (২৬) বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করেছেন বলে অভিযোগ। সোমবার রাতেই ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গাবতলী এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

    ফিরোজ আলী বিয়ের আগে থেকেই নেশাগ্রস্থ ছিলেন। চার বছর আগে পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর পশ্চিমপাড়া মহল্লার জুলহাস আলীর মেয়ে পলি খাতুনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য তিনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এ নিয়ে তার স্ত্রীর পলির সাথে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। মাঝে মধ্যে ফিরোজ তার স্ত্রীকে শারীরীক নির্যানত চালাতেন। নেশার টাকার জন্য এ হত্যাকাণ্ড ঘটেছে বলে এলাকাবাসী মনে করছেন।

    পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, মঙ্গলবার লাশ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হয়। এরপর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দাফনকাজ শেষ করে রাতে তারা থানায় মামলা করেন। এতে ফিরোজ ছাড়াও তার বাবা-মাকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে ফিরোজের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়।ওসি আরও জানান, বুধবার দুপুরে মামলার সব আসামিকেই আদালতে তোলা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT