• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    বাউফলে রিক্সাচালককে কুপিয়ে জখম

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ১২:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মহসিন মীর-বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    রিক্সাভাড়াকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে মোঃ আলী হোসেন হাওলাদার(৩৫) নামে এক রিক্সাচালককে কুপিয়ে জখম করেছে বখাটে এক যুবক। শুক্রবার রাত ১০ টার দিকে বাউফল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কে এ ঘটনা ঘটে।
    জানা গেছে, একই ওয়ার্ডের আক্কেল আলী কারিগরের বখাটে ছেলে মো. সোহরাব হোসেন(৩৫) ও সোবাহান হাওলাদারের ছেলে রিক্সাচালক মো. আলী হোসেনের সঙ্গে রিক্সাভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিক্সার যাত্রী সোহরাব হোসেন তার সঙ্গে থাকা ছুরি দিয়ে জখম করে আলী হোসনকে। এ সময়ে আলী হোসেনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
    আহত আলী হোসেনের মা আফসোন বিবি বলেন, স্থানীয় রনি নামে এক যুবকের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থানে যাই। সেখানে গিয়ে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখি। পরে ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। বখাটে ছেলে সোহরাবের ছুরির আঘাতে আমার ছেলের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি কেটে চামড়ার সাথে ঝুলে রয়েছে। আঙ্গুলটি রাখা যাবে না বলে চিকিৎসক জানান।
    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT