• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    রাজশাহীতে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৭:৩৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের বিনামূল্যে জাতীয় এইচপিভি ক্যাম্পেইন উপলক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অগ্রণী স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অগ্রণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এসময় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তাগণ বলেন, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। প্রাথমিকভাবে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। এক ডোজ এইচপিভি টিকা নিয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হবে। স্কুল পর্যায়ে ২৪ অক্টোবর থেকে পরবর্তী ১০ কর্মদিবস চলমান থাকবে। আর কমিউনিটি পর্যায়ে ৭ নভেম্বর শুরু হবে এবং পরবর্তী ৮ কর্মদিবস পর্যন্ত চলবে।

    রাজশাহী মহাগরীর ৩০৬টি স্কুলের ২৩ হাজার ৫১০ জন শিক্ষার্থীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্কুল পর্যায়ে ২৫৩টি কেন্দ্রে ২জন টিকাদানকারী, ২ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। কমিউনিটি পর্যায়ে ৬০টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে। এদিকে জেলার ২১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৭ হাজার ৩৭৮ জন শিক্ষার্থীকে এবং ১৭৭০টি ইপিআই টিকাদান কেন্দ্রে ১ হাজার ৯১৯ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি কেন্দ্রে ২জন টিকাদানকারী, ২ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT