রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন ২৩ শে ফেব্রুয়ারি, নেতৃত্বে আসছেন কারা?
২৩ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ।
তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলনের জন্য সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে। আমরা সে অনুযায়ী এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি। আশা করছি নির্ধারিত সময়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাজশাহী মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি রকি কুমার ঘোষ এবং সম্পাদক মাহমুদ হাসান রাজিব। এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘ দিন ধরে একই কমিটি দায়িত্ব পালন করায় সাংগঠনিক ভাবে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে রাজশাহী মহানগর ছাত্রলীগ।
বর্তমানে মহানগর ছাত্রলীগের নেতৃত্বে আসার জন্য যারা স্বপ্ন দেখছেন, তারা হলেন, বর্তমান সহ-সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, রমজান আলী রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল দ্বীপ, মারুফ হোসেন ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
এদিকে ছাত্রলীগের সম্মেলন ঘিরে পদ পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন অনেকেই। কারা নেতৃত্বে আসছেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.