সাদ্দাম হোসেন মুন্না: নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় নোট লিখে নিজের গলায় ফাঁস লাগিয়ে রাকিব (২১) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে মহানগরীর সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যান এর ভাড়া বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার পূর্বে সুইসাইড নোট লিখে গেছেন ওই কলেজ ছাত্র।
আত্মহত্যাকারী রাকিব জেলার সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. হাবিবুল্লার বড় ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে রাকিব বড় ছিলেন। পরিবার নিয়ে তারা মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় বসবাস করতেন। রাকিব ঢাকা কবি নজরুল কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র।
নিহত ছাত্রের বোন রাকিকা জানান, একই এলাকার তিন্নি ইসলাম নূর নামের একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের (রাকিব) সম্পর্ক ছিলো। গতকাল শুক্রবার ওই মেয়ের অন্যত্র বিয়ে হওয়ার ক্ষোভে ও কষ্টে আমার ভাই আত্মহত্যা করেছেন। পুলিশ শনিবার সকাল সাড়ে ৮ টায় ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাকিবের কাছের বন্ধুদের সাথে যোগাযোগ করে জানা যায়, রাকিবের সঙ্গে একটি মেয়ের তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। রাকিব তাদের সম্পর্কের কথা তার পরিবারকে জানান। কিন্তু রাকিবের সাথে ওই মেয়ের সম্পর্ক তার পরিবার মেনে নেয়নি। সম্প্রতি ওই মেয়ের অভিভাবকরা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাকিব। রাকিব ওই মেয়েটিকে খুব ভালোবাসতেন। প্রেমিকাকে কাছে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করেছেন রাকিব।
ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি শুক্রবার রাত আনুমানিক ১টা থেকে রাত ৩টার মধ্যে যেকোনো সময় নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে রাকিব।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, রাকিবের ঘরে একটি চিঠি পাওয়া গেছে। মা ও দুই বোনের কাছে লেখা চিঠিতে রাকিব বলেন মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.