• Developed by : BDIX ROOT
  • ময়মনসিংহ বিভাগ

    স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করলো মুক্তিযোদ্ধারা : ক্ষমা চাইলেন ইউএনও

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৫:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ

    মাজহারুল ইসলাম শাওন-সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

    জামালপুরের সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বসার জায়গা অপ্রতুলসহ অব্যবস্থাপনার অভিযোগে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে ইউএনও ক্ষমা চাইলে দুই ঘণ্টা পর অনুষ্ঠানে যোগ দেন তারা। শনিবার (২৬ মার্চ) সকাল ৮.২৫ টায় সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে এ
    ঘটনা ঘটে।

    বীর মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসগুলোতে মুক্তিযোদ্ধাদের বসার জায়গা সঙ্কটসহ নানা অব্যবস্থাপনা দেখা যায়। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। শনিবার সকাল ৮.২৫ টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরিষাবাড়ী কলেজ মাঠে আয়োজিত উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে গিয়ে তারা পূর্বের মতোই অব্যবস্থাপনা দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা অনুষ্ঠান বর্জন করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা গিয়ে ক্ষমা চাইলে ১০.৪৫ মিনিটে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে ফিরেন এবং সরকারি কার্যক্রম শুরু হয়।

    বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুসহ অনেকেই অভিযোগ করে বলেন, আমরা যুদ্ধ করে শরীরের রক্ত ঝড়িয়ে দেশ স্বাধীন করেছি। আর সেই আমাদের (মুক্তিযোদ্ধা) বসার স্থান সংকুলান না হওয়া জাতির জন্য লজ্জাজনক। প্রশাসনের গাফিলতি ও নানা অব্যবস্থাপনার জন্য আমাদের সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানরক্ষার্থে অনুষ্ঠান ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। পরে উপজেলা নির্বাহী অফিসার ক্ষমা প্রার্থনা করায় ফের যোগদান করা হয়েছে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাথে কিছুটা ভুল বুঝাবুঝি হওয়ায় মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান শুরুর আগেই চলে যান। মুক্তিযোদ্ধাদের নিয়েই যেহেতু অনুষ্ঠান, তাই যে কোনো উপায়ে অনুরোধ করে ক্ষমা চেয়ে তাদের ফিরিয়ে আনার পর অনুষ্ঠান শুরু করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT