প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ১:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ
এইচ.এম আল আমিন-স্টাফ রিপোর্টার:
তুমি একদিন প্রতীক্ষার বৃক্ষ হয়ে দাঁড়ালে,
আমি ছায়া হয়ে বসে রইলাম।
তোমার ছায়া দীর্ঘ হলো,
তারপর হারিয়ে গেল রোদের সঙ্গে,
আর আমি সেই বৃক্ষের নিচে ছায়া খুঁজে মরে গেলাম।
তুমি অন্য হাত ধরলে,
নতুন স্টেশনে নামলে,
আর আমি সেই পুরোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলাম
ধোঁয়া ভরা এক রেলগাড়ি দূরে মিলিয়ে গেল।
আমার বুকের খাঁচায় তখনও শিস বাজছে
“ভালোবাসা মানে অপেক্ষা,
ভালোবাসা মানে মরে যাওয়া।”
ভূমিকা, তুমি কি জানো?
তোমার চলে যাওয়া মানে,
আমার সব প্রশ্নগুলোর একসঙ্গে হাহাকার করে উঠা।
তুমি কি কখনো ভেবেছো—
একটা গাছ তার সব পাতা হারিয়ে ফেলে,
তবু মাটিতে দাঁড়িয়ে থাকে?
তোমাকে দেখার জন্যই।
তোমার সুখের কথা ভেবে শিহরিত হই,
তোমার আনন্দের ভ্রূণ বুকে লালন করি।
কিন্তু জানি,
তুমি সুখের গান গাও,
আর আমি সেই সুরে নিঃশব্দে কাঁদি।
জীবনের নিষ্ঠুর যৌক্তিকতা আমায় শিখিয়েছে,
ভালোবাসা মানে কষ্ট,
ভালোবাসা মানে নিজেকে ছারখার করে
অন্যের সুখে শান্তি খোঁজা।
তুমি নতুন গন্তব্যে, ভূমিকা,
আর আমি পুরোনো ঘরের অন্ধকারে
তোমার ফিরে আসার স্বপ্নে অপেক্ষায়।












