প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৬:৩৮:৪৭ প্রিন্ট সংস্করণ
সুজানগর (পাবনা) প্রতিনিধি:
পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০ টি ইউনিয়নে দিনের পর দিন শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে ওই সব শিশু শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় শ্রমিক নেতা বাবু মোল্লা জানান, ইতিপূর্বে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০ টি ইউনিয়নে প্রায় তিন হাজার শিশু শ্রমিক ছিল। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় পাঁচ হাজারে দাঁড়িয়েছে।
বিশেষ করে সমাজের দরিদ্র এবং দুঃস্থ পরিবারের শিশুরা জীবিকার প্রয়োজনে শ্র্র্রমিকের কাজ করায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওই সকল শিশু ম্রমিকদের বেশিরভাগ হোটেল-রেঁস্তোরা এবং ওয়ার্কশপসহ বিভিন্ন দোকানপাটে কাজ করে। কিছু কিছু শিশু শ্রমিক আবার কৃষি কাজ, রিকশা ও ভ্যান চালানোর কাজও করে থাকে। প্রাপ্ত বয়স্ক শ্রমিকের চেয়ে শিশু শ্রমিকের মজুরি কম হওয়ায় এদের চাহিদা বেশি। তাছাড়া শিশু শ্রমিকরা কাজে ফাঁকি কম দেওয়ার কারণেও ওই সকল প্রতিষ্ঠানে তাদের চাহিদা বেশি।












