প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৫ , ১২:০৬:৪০ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রেস্তোরা খাতে ভ্যাট ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করায় রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকাল ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান রাজশাহীতে রেস্তোরা রয়েছে অন্তত আড়াই শতাধিক। হঠাৎ এত বেশি ভ্যাট বৃদ্ধি করলে রেস্তোরা শিল্প একেবারে ধ্বংসের পথে দাঁড়াবে।
এছাড়া এমনিতেই খাবারের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে রেস্তোরা খাতে কমেছে ব্যবসা বাণিজ্য। এ অবস্থায় ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকলে সেটি পৃথকভাবে ভোক্তার কাছ থেকে নিতে হবে যা একেবারেই অসম্ভব। ভ্যাট কমানোসহ মানববন্ধন থেকে মোট ছয়টি দাবী জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রেস্তোরা মালিক সমিতির রাজশাহী জেলা শাখা ।


















